নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জুলাই ২০২৬

কয়েক দিনের বর্ষণে বন্দরের তিন ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৫, ১০ জুলাই ২০২৬

কয়েক দিনের বর্ষণে বন্দরের তিন ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতা

টানা কয়েক দিনের বর্ষণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) বন্দরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া, ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এবং ২৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকা। সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে।

 

চৌরাপাড়া এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম জানান, কয়েক দিনের বৃষ্টিতে প্রায় ২০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, এলাকায় স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। স্থানীয়ভাবে পাম্প দিয়ে পানি সরানোর চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান না থাকায় দুর্ভোগ থেকেই যাচ্ছে।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ সমস্যার সমাধান না হওয়ায় নোংরা পানির মধ্যে দিয়ে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে চলাচল করতে হচ্ছে। এতে চর্মরোগসহ পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে।

 

দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী ড্রেনেজ নির্মাণে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

সম্পর্কিত বিষয়: