নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬

চাষাঢ়ায় শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৪, ২ সেপ্টেম্বর ২০২৬

চাষাঢ়ায় শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিশু-কিশোর সংগঠন 'ফুল পাখির আসর'-এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। বক্তব্যের শুরুতে তিনি স্কুলের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, “আজকে স্কুলটির যে চিত্র দেখে গেলাম, তাতে মনে হয়েছে এসব শিশুদের কথা রাষ্ট্র যেন ভুলে গেছে। আমরা জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, স্কুলটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবকাঠামো যেমন উন্নয়ন করতে হবে, তেমনি শিক্ষার্থীদের চিত্ত বিনোদনের জন্য খেলার মাঠ সংস্কারসহ নানামুখী পদক্ষেপ নিতে হবে।”

​ফুল পাখির আসরের সভাপতি ফারুক আহাম্মেদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক খায়রুল কবির মুন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক ও ফুল পাখির আসরের সহসভাপতি সাংবাদিক শরীফ সুমন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ, সম্মিলিত স্বেচ্ছাসেবক সংগঠনের সহসভাপতি ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ, বিএনপি নেতা ও শিশু সংগঠক মনসুর উদ্দিন পলিন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মো. আলমগীর হোসেন এবং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছা আক্তার।

​এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও শিক্ষার্থী অরিন আক্তার বাঁধন। সমাপনী পর্বে আমন্ত্রিত অতিথিরা সুবিধাবঞ্চিত এসব শিশুদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আগামী শীত মৌসুমে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর আয়োজনসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।

​অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন আরিফুর রহমান লোটাস ও শাকিল মাহমুদ টিপু। এতে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান ডিউক, দপ্তর সম্পাদক শফিকুর রহমান সোহাগ, কার্যকরী সদস্য রহমত উল্লাহ লিটন এবং ফুল পাখির আসরের ফারহানা ইয়াসমিন শিমুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: