নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থী হয়রানি

কলেজ রোডে বেদে জনগোষ্ঠীর খপ্পরে শিক্ষার্থীরা, জোর করে টাকা আদায়, ক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২০, ৪ সেপ্টেম্বর ২০২৬

কলেজ রোডে বেদে জনগোষ্ঠীর খপ্পরে  শিক্ষার্থীরা, জোর করে টাকা আদায়, ক্ষোভ

নারায়ণগঞ্জ শহরের ব্যস্ত কলেজ রোড এলাকায় শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিতভাবে জোর করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বেদে জনগোষ্ঠীর বিরুদ্ধে । এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, কলেজ রোড দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সময় কয়েকজন বেদে জনগোষ্ঠীর সদস্য শিক্ষার্থীদের পথরোধ করে টাকা দাবি করেন। কেউ টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাকে বিভিন্নভাবে নাজেহাল করা হয় । ফলে অনেক শিক্ষার্থী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাধ্য হয়ে টাকা দিয়ে চলে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সাধারণত কেউ মানবিক দিক বিবেচনা করে ১০ টাকা দেওয়ার কথা বলা হলেও কোনো কোনো শিক্ষার্থীর কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত জোর করে নিয়ে যাচ্ছে তারা।

সম্প্রতি কলেজ রোড এলাকায় এমন একটি ঘটনা প্রত্যক্ষ করার দাবি করেছেন একজন স্থানীয় ব্যক্তি। তার ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আটকে রেখে টাকা নেওয়া হচ্ছে। টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করলে শিক্ষার্থীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।

বন্দরের কদমরসুল কলেজের রহিম নামে এক শিক্ষার্থী জানান, তিনি কলেজ রোড এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার গতিরোধ করে বেদে সম্প্রদায়ের কতিপয় সদস্যরা। টাকা দাবি করলে তিনি বলেন আমি শিক্ষার্থী। টাকা কেন দিবো, এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রহিমের সাথে থাকা প্রাইভেট ফি'র ২ হাজার ৫০০ টাকা জোর করে নিয়ে যায়।

এই শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকের টিফিনের টাকা তারা নিয়ে যায়। দীর্ঘদিন এমন অবস্থা চলে আসলেও সংশ্লিষ্ট কেউ প্রদক্ষেপ নিচ্ছে না।

 

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি একদিনের নয়; নিয়মিতভাবেই এমন ঘটনা ঘটছে। অথচ দীর্ঘদিন ধরে বিষয়টির কার্যকর সমাধান না হওয়ায় তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের বিষয়টি নিয়ে উদ্বেগ বেশি।

 

শিক্ষার্থী ও স্থানীয়দের কেউ কেউ বলছেন, সহায়তা বা অনুদানের নামে টাকা নেওয়া হলে সেটি স্বেচ্ছায় হওয়া উচিত। কিন্তু কাউকে পথরোধ করে বা চাপ প্রয়োগ করে টাকা নেওয়া হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও হয়রানির অনুভূতি তৈরি হতে পারে।

অভিযোগকারীদের মতে, বিষয়টি নিয়মিত ঘটতে থাকলে কলেজ রোডে শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। বিশেষ করে নারী শিক্ষার্থীসহ অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

এদিকে, শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। একই সঙ্গে অভিযোগের প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে বিষয়টি নজরে নিলে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা সম্ভব। পাশাপাশি কলেজ রোড এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানোরও দাবি উঠেছে।

শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জরুরি। তাই অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পাশাপাশি কলেজ রোড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও পর্যবেক্ষণ জোরদার করার দাবি উঠেছে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এভাবে আর কতদিন?—শিক্ষার্থীদের এমন প্রশ্নের পাশাপাশি তাদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সম্পর্কিত বিষয়: