নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় আয়োজিত ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আজ নারায়ণগঞ্জ সদর উপজেলায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
২০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী মোছা. আফসানা আক্তারের হাতে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়। ল্যাপটপ হাতে পেয়ে নতুন স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আফসানা।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ দ্রুত বাড়ছে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও তৈরি করছে।
সংশ্লিষ্টরা জানান, Climate Resilient Campus Initiative-এর এ উদ্যোগ নারায়ণগঞ্জ সদর উপজেলার তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


































