নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সাপ্তাহিক কার্যক্রমের আওতায় বিভিন্ন খাল, সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও হাট-বাজারে একযোগে এ অভিযান চালানো হয়।
শহরের বাগডোমারী খাল, সদর উপজেলা পরিষদের আওতাধীন প্রতিটি দপ্তর, উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় বিভিন্ন হাট-বাজারে একযোগে পরিচ্ছন্নতা কাজ শুরু হয়।
অভিযানের অংশ হিসেবে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া এলাকার পরিবেশ সুন্দর করা, সবুজায়ন এবং রাতের বেলায় সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে সৌরবিদ্যুৎচালিত আলো (সোলার লাইট) স্থাপন করা হয়।
অভিযান পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা, স্কাউট, রোভার স্কাউট, 'লজিক অব বাংলাদেশ'-এর স্বেচ্ছাসেবী সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরাসরি পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হবে। বিশেষ করে যেসব স্থানে পানি জমে মশার লার্ভা বা প্রজননস্থল তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কেবল প্রশাসনের একার পক্ষে নয়; স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ সদরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।


































