নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে চারটি যানবাহন থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় চারটি হর্ন জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত এ অভিযানে শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ১১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি চারটি হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































