নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩০ মার্চ ২০২৬

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৩

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অপরাধে মো. মোশারফ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মরদেহ গুম করায় তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।


রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত মো. মোশারফ মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। নিহত শিশু তার দূরসম্পর্কের নাতি হয়। মেয়েটি তাকে দাদা বলে সম্বোধন করতো।


আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০২১ সালের ২২ অক্টোবর দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোশারফ মিয়া ৯ বছরের শিশুকে মজা কিনে দেওয়ার কথা বলে পাশের কাশবনে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।


নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।