ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এদিকে বাল্কহেড ডুবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, নদী তীরের অদূরে একটি ইটবাহী বাল্কহেড ধীরে ধীরে নদীতে ডুবে যাচ্ছে। এ সময় বাল্কহেডে থাকা দিনমজুর ও চালক পানিতে ঝাঁপিয়ে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সকালের দিকে ইট নিয়ে বাল্কহেডটি নদীপথে কুমিল্লার দিকে যাচ্ছিল।
এসময় পাশ দিয়ে বড় কয়েকটি নৌ যান চলে যাওয়ায় সৃষ্ট ঢেউয়ে এবং অতিরিক্ত ইটবোঝাই হওয়ায় বাল্কহেডটি ডুবে যায়।
বাল্কহেডটিতে থাকা ১০-১৫ জন শ্রমিক তাৎক্ষণিকভাবে সাতরিয়ে পাড়ে চলে আসেন। তারা সবাই সুস্থ আছেন। তবে বাল্কহেডটি এখনো উদ্ধার করা সম্ভব হয় নি।


































