নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

ফতুল্লায় স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৩, ২০ মে ২০২৬

ফতুল্লায় স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রি-রোলিং স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় অবস্থিত সিএসআরএম রি-রোলিং স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন— মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জল (৩২)। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও মিল সূত্রে জানা যায়, দুপুরে মিলের ভেতরে লোহা গলানোর কাজ চলছিল। এসময় পাশেই রাখা একটি গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনের তাপ ও দাহে পাশে থাকা চার শ্রমিক আহত হন।

ঘটনার পর মিলের অন্য শ্রমিকরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিস্ফোরণের শব্দে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, শিল্পকারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।