নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৫ জুন ২০২৬

বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ব্যবসায়ির সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৮, ৪ জুন ২০২৬

বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে জমি দখলের  অভিযোগে ব্যবসায়ির সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ব্যবসায়ীর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই জবরদখল চেষ্টার অভিযোগে ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছেন আদালত।

 

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও চৌরাঙ্গি গ্রুপের স্বত্বাধিকারী কাজী আব্দুস সাত্তার।

 

সংবাদ সম্মেলনে কাজী আব্দুস সাত্তার জানান, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় আমাদের পৈত্রিক এবং ক্রয়সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘ ৩০ বছর ধরে তাঁরা ভোগদখল করে আসছেন। এই জমির পক্ষে গত ২০২৫ সালেও আদালত নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

 

লিখিত অভিযোগে বলা হয়, গত ২৭ মে সকাল ৭টায় বিএনপি নেতা ইকবাল হোসেনের প্রত্যক্ষ মদদে তাঁর ছোট বোনের জামাই মুক্তার হোসেনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই গোডাউনে হামলা চালায় এবং জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে। ভুক্তভোগী ব্যবসায়ী তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দখলদাররা অস্ত্র ও সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়, যার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে।

 

কাজী আব্দুস সাত্তার অভিযোগ করেন, আইনিভাবে মোকাবিলা করতে না পেরে এই চক্রটি তাঁর বিরুদ্ধে ২ কোটি টাকার কাল্পনিক চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে। মুখে ‘দলিল যার জমি তার’ বললেও ইকবাল হোসেন রাতে পর্দার আড়াল থেকে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আদালত অবমাননা করছেন। ভুক্তভোগী ব্যবসায়ী এই জবরদখলকারী চক্রের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

 

এই ঘটনায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালত গত ২ জুন ইকবাল হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে শোকজ জারি করেছেন এবং জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধিরগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত বিষয়: