নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার আলোচিত শিশু আলিফা আক্তার রোজামানি (১৩) ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার চার্জশিট (অভিযোগপত্র) শিগগিরই আদালতে দাখিল করা হতে পারে।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইদ্রিস আলীর নেতৃত্বে মামলার বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং ঘটনাস্থল সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তদন্তের অংশ হিসেবে র্যাব ও অন্যান্য সংস্থার সহযোগিতায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এ মামলায় এখন পর্যন্ত ফয়সাল ওরফে বাদশা, মো. ইসমাইল এবং মো. ইমন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলাকালে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার অভিযোগপত্র প্রস্তুতে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তাদের মধ্যে বিচার পাওয়ার আশা জাগিয়েছে। তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার অটোচালক মো. আলীর মেয়ে আলিফা আক্তার রোজামানি নিখোঁজ হয়। পরবর্তীতে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে একে একে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয় এবং মামলার তদন্ত শুরু হয়।
বর্তমানে মামলাটি অভিযোগপত্র দাখিলের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।


































