নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি সামাজিক সংগঠনের বিরুদ্ধে। শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান ওই এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, এলাকার একটি মসজিদের ইমাম কাওসার আহমেদের নেতৃত্বে সম্প্রতি গঠিত একটি সামাজিক সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য রাতের বেলায় সিজানকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে মারধর ও নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা দ্রুত নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগের বিষয়ে আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাওসার আহমেদ বলেন, সিজানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ছিল। তাকে সংশোধনের উদ্দেশ্যে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। তবে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে সিজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বড় ভাই বাবুর নেতৃত্বে একদল কিশোর গ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


































