নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতিকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরের ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটির প্রকৃত তথ্য জানতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
স্থানীয়দের ভাষ্য, প্রথমে এক নারী কুমিরটি দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় কাউসার নামে এক ব্যক্তি ঘটনাস্থলে এসে কুমিরটি দেখে ফেসবুকে লাইভে যান। তার লাইভ করা ভিডিও থেকেই কুমিরের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।
এরপর কুমিরটি দেখতে ঘটনাস্থলে মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। একপর্যায়ে মানুষের চিৎকার ও ভিড়ের মধ্যে কুমিরটি পুকুরের পানিতে নেমে যায়।
কুমিরটি পুকুরে অবস্থান করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর কয়েকজন জানান, কুমিরটির গতিবিধি দেখতে কিশোররা রাতভর পুকুরের আশপাশে অবস্থান করেছে। সোমবার সকালেও কুমিরটিকে দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
এদিকে কুমির দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ এসে পুকুরপাড়ে ভিড় করছেন। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ভিড় বাড়তে থাকলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
এর আগে রোববার বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কুমির উদ্ধারের চেষ্টা করলেও সফল হয়নি। পরে কুমিরটি আগের পুকুর থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি স্থানে চলে গেছে বলে জানা যায়।
প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের পুকুরে না নামা, কুমিরের কাছে না যাওয়া এবং নিজেরা ধরার বা তাড়ানোর চেষ্টা না করার জন্য সতর্ক করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযান চালিয়ে কুমিরটিকে নিরাপদে উদ্ধার করা হোক। একই সঙ্গে মানুষ ও বন্যপ্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিক।


































