নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি, সিএনজিসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৭, ৫ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি, সিএনজিসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, রামদা, দা, ছুরি, প্লাস, রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি সিএনজিও জব্দ করা হয়।

রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে সোনারগাঁ থানার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকাগামী সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাতের লিমা-৭ ডিউটিতে ছিলেন। ওই সময় মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ৯ থেকে ১০ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে একটি সিএনজি নিয়ে ছোট সাদিপুর এলাকায় মহাসড়কের পাশে অবস্থান করছে।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। তবে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনারগাঁয়ের গোহাট্টা এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে মো. পারভেজ (৩৬) ও প্রান্ত (২৮), নাল আলাপদী এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. রোহান (২২), ছোট সাদিপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. ডালিম (৪৮), আলাপদী এলাকার মো. নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) এবং কুমিল্লার লাকসাম উপজেলার বাতাখালী এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. অন্তর (২৪)। অন্তর বর্তমানে সোনারগাঁয়ের কামারগাঁও এলাকায় সোহাগের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, দুটি রামদা, একটি সেলাই রেঞ্জ, একটি ছুরি, একটি প্লাস, একটি দা ও একটি রড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে ফেলে যাওয়া নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫ নম্বরের একটি সিএনজি জব্দ করা হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।