নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে আষাঢ়িয়ারচর পুলিশ চেকপোস্টসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফয়সাল ওরফে জুজু (২৯) ও আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. শাকিল (৩৭)।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগ থেকে যথাক্রমে ৪ কেজি, ৩ কেজি ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৯ কেজি।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


































