নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ নভেম্বর ২০২৬

আগুনে পুড়লো মাদ্রাসার কোটি টাকার বই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৩, ১০ নভেম্বর ২০২৬

আগুনে পুড়লো মাদ্রাসার কোটি টাকার  বই

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ২০ বছর ধরে কিনে রাখা প্রায় কোটি টাকার বই। মাদরাসায় ইফতা বিভাগের শিক্ষার্থী ইউসুফ সাদিক এই তথ্য জানান।

 

তিনি বলেন, আমরা রাতে এখানেই ছিলাম। আমাদের পাশেই পাঠাগার ছিলো। যেখানে তাফসীর ও হাদীস শাস্ত্রের বড় বড় কিতাব ছিল। যেগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়। প্রায় ২০ বছর ধরে কিনে কিনে বইগুলো সংগ্রহ করা হয়েছে। প্রায় কয়েক কোটি টাকার বই ছিলো। আগুন ছড়ানোর আগ পর্যন্ত আমরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে চেষ্টা করেছি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এরপর আমরা আর পারিনি। এক পর্যায়ে আমরা সড়ে যেতে বাধ্য হয়। আর আমাদের চোখের সামনে বইগুলো পুড়ে গেছে।

 

 

সোমবার  (৯ নভেম্বর) দিবাগত রাত ২টায় জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ৫ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ইউসুফ সাদিক বলেন, প্রথমে আগুনের গন্ধ পাওয়া যায়। আমাদের শিক্ষক রিফাত উল্লাহ প্রথমে আগুনের গন্ধ পেয়েছিলেন। ১০ থেকে ১৫ মিনিট পর তিনি বুঝতে পারেন আগুনের সূত্রপাত লাইব্রেরিতে হয়েছে। এরপর তিনি আমাদের জাগিয়ে তোলেন। আমরা উঠে চেষ্টা করি আগুন নিয়ন্ত্রণে আনার। কক্ষটিতে ইন্টেরিয়র ডিজাইন থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

আরেক শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, কোটি কোটি টাকার বই পুড়ে নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীদের ল্যাপটপ কম্পিউটার ছিল। সব পুড়ে গেছে। বিদেশ থেকে আনা লাখ লাখ টাকার কিতাব ছিল। অনেক ছাত্র আহত হয়েছেন। মাদরাসার ইফতা বিভাগ পুড়ে গেছে। আমার ছোট ভাইও মাদরাসায় ছিল। আল্লাহর রহমতে আমার ছোট ভাইয়ের কিছু হয়নি।

 

মাদরাসার প্রিন্সিপাল মুফতি মফিজুল ইসলাম বলেন, রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোয় কাজ শুরু করেন। আগুনে আমাদের প্রায় ৭০ জনের ওপড়ে শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে আগুনে কক্ষেটিতে থাকা বিপুল পরিমাণ ইসলামিক বইসহ সবকিছু পুড়ে গেছে। এতে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ভবনের লাইব্রেরি ও অফিসকক্ষ পুড়ে যায়।