নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার চাঁদাবাজি ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সামাদ আলী ও হালিম আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোতে মাটি ও শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ এবং কমিশন বাণিজ্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
ফতুল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

































