নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ নভেম্বর ২০২৬

মেঝের নিচে গোপন চেম্বারে মাদক মজুত, বাবা-ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:১৩, ২৮ নভেম্বর ২০২৬

মেঝের নিচে গোপন চেম্বারে মাদক মজুত, বাবা-ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে গ্যারেজের মেঝের নিচে গোপন চেম্বার তৈরি করে মাদক মজুতের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। অভিযানে ওই চেম্বার থেকে ৯৯ বোতল স্কাফ এবং মাদক বিক্রির ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় তাদের মালিকানাধীন একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল করিম (৬০) ও তার ছেলে মো. মাসুম (৩২)। তাদের বাড়ি বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকায়। আব্দুল করিমের বাবার নাম মৃত হাজী বাহার আলী।

 

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এসআরবি-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে গ্যারেজটিতে মাদক মজুতের তথ্য পেয়ে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল। পরে গ্যারেজের একটি কক্ষের মেঝের নিচে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

 

এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মেঝের নিচে গোপন চেম্বার তৈরি করে সেখানে মাদক মজুত করা হয়েছিল। অভিযান চালিয়ে ওই মাদক ও নগদ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার দুজনকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।