নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ও আলীরটেক ভোটকেন্দ্র গুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রায়হান কবির। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে এই ভোটকেন্দ্র গুলো পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ভোট কেন্দ্রগুলোর সার্বিক অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ পরিবেশ ঘুরে দেখেন।
এ সময় তিনি ভোট কেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।
এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির স্থানীয় জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজন নিশ্চিত করা হবে।
এছাড়াও পরিদর্শনকালে বক্তাবলীর দীর্ঘদিনের জনদাবির প্রেক্ষিতে বক্তাবলী বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উল্লেখ্য, উক্ত সড়ক উন্নয়ন কাজটি উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়, নারায়ণগঞ্জ সদর এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, র্যাব, আনসার ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসক ইয়াসির আরাফাতসহ নির্বাচন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে স্থানীয় জনগণ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


































