নারায়ণগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের ৫০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে শহরের কলেজ রোডে রোটারি ক্লাব অব ঢাকা নিউ সিটি ও রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা নিউ সিটির যৌথ উদ্যোগে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি মনোয়ান হোসেন মনা, প্রদীপ চন্দ্র রায়, রাসেল আদিত্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদসামগ্রী বিতরণ করনে। সাবেক সভাপতি শাহারিয়া হাসান শাকিল ও জুলেখা আক্তার জেরিন, সহসভাপতি কবির হোসেন, সদস্য রবিউল ইসলাম মাসুম, ঝিমি রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার শহরের জামতলার মাদ্রাসায়ে হজরত বেলালে (রা.) এতিম শিশুদের জন্য ইফতার ও রাতের খাবার আয়োজন এবং ঈদের পোশাক বিতরণ করা হয়।
রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা নিউ সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ সুলতান জানান, ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমরা মানবিক ও সামাজিক কার্যক্রম করে আসছি। এর মধ্যে এতিম শিশুদের জন্য ইফতার ও রাতের খাবার আয়োজন, ঈদের পোশাক বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ অন্যতম। এ ছাড়া দেশের প্রত্যন্ত এলাকায় কম্বল বিতরণ, বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, দুর্গা পূজার সময় শাড়ি-লুঙ্গি ও পোশাক বিতরণ, প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন, শিশুদের নিয়ে দিনব্যাপী ঢাকার ঐতিহাসিক ও বিনোদন স্থানগুলো ভ্রমণ, সেলাই মেশিন বিতরণ, রক্তদান কর্মসূচিসহ নানান কাজ করে আসছি। ভবিষ্যতেও এমন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


































