নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ মার্চ ২০২৬

রূপগঞ্জে ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার, হামলায় আহত ৮

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৭, ১২ মার্চ ২০২৬

রূপগঞ্জে ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার, হামলায় আহত ৮

রূপগঞ্জে পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয়রা। এ সময় মাদক বিক্রেতাদের হামলায় ৮ জন আহত হয়েছেন।

 

ঘটনাটি ঘটেছে বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকায়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে একটি প্রাইভেটকারে করে মাদক বহন করে এলাকায় প্রবেশ করে কয়েকজন মাদক বিক্রেতা। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা শীর্ষ মাদক বিক্রেতা আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করেন।

 

এ সময় মাদক বিক্রেতারা স্থানীয়দের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং হামলা চালায়। এতে অন্তত ৮ জন আহত হন।

 

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটককৃতদের তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযানে  ১টি বিদেশী পিস্তল, ২৮১ বোতল ফেন্সিডিল, ২০০  পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।