নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জুলাই ২০২৬

ফতুল্লা যুবদলের আহবায়ক ঝুট সন্ত্রাসী মাসুদ বহিষ্কার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫২, ১০ এপ্রিল ২০২৬

ফতুল্লা যুবদলের আহবায়ক ঝুট সন্ত্রাসী মাসুদ বহিষ্কার 

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদনি হাউজিংয়ে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি-যুবদল ওন স্বেচ্ছাসেবক দলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক ঝুট সন্ত্রাসী মাসুদুর রহমান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

 

পেশীশক্তি প্রদর্শন, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত নেতা মাসুদুর রহমান মাসুদের কোনো ধরনের অপকর্মের দায় দল বহন করবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: