নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বৈষম্যবিরোধী মামলায় অনিক সরদার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৮, ১৪ এপ্রিল ২০২৬

বন্দরে বৈষম্যবিরোধী মামলায় অনিক সরদার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় অনিক সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অনিক সরদার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার মহিদ সরদারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও পুলিশে হামলাসহ অন্তত ৫টি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩(৯)২৪ নম্বর মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, অনিক সরদার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং পূর্বেও একাধিক মামলার আসামি।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫০-৬০ জন আন্দোলনকারী বন্দর বাসস্ট্যান্ড থেকে শহীদ মিনারের দিকে যাওয়ার পথে শাহীমসজিদ এলাকায় তাদের মিছিলে হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড় এলাকার মিনারবাড়ির বাসিন্দা হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০-১২০ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।