নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সোনারগাঁওয়ে বেহাল সড়কে উল্টে গেল মালবাহী গাড়ি, যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:১০, ১২ মে ২০২৬

সোনারগাঁওয়ে বেহাল সড়কে উল্টে গেল মালবাহী গাড়ি, যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহঝমপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা সড়কে আবারও ঘটেছে দুর্ঘটনা। সোমবার (১১ মে) রাত আনুমানিক ১০টার দিকে লাধুরচর এলাকায় আস্তাফিড কোম্পানির একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এ ঘটনায় তালতলা-বারদী আঞ্চলিক সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সৃষ্টি হয় তীব্র ভোগান্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত গাড়িটি পশুখাদ্য বহন করে যাচ্ছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও ভাঙাচোরা অংশ থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গাড়িটি রাস্তার এক পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা মালামাল সড়কে ছড়িয়ে পড়ে এবং দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহঝমপুর বাজারসহ তালতলা-বারদী সড়কের বেশ কয়েকটি অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি ও কাদা জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শ্রমিকরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে নেন। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সম্পর্কিত বিষয়: