নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জুলাই ২০২৬

বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৭ সদস্য দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৫, ৫ জুলাই ২০২৬

বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৭ সদস্য দুই দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের বন্দরে ‘হানি ট্র্যাপে’ ফেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জিম্মি করে নগদ টাকা ও আইফোন ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার প্রতারক চক্রের সাত সদস্যকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

রোববার (৫ জুলাই) দুপুরে আদালতের আদেশে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

 

রিমান্ডপ্রাপ্তরা হলেন— বন্দরের একরামপুর এলাকার আলী আজগরের ছেলে কাওসার (২০), আরিফের ছেলে রবিন (২২), মৃত আবুল কাশেমের ছেলে শান্ত (২৩), তাজুল ইসলামের ছেলে গোলাম রাব্বী (৩০), আবুল কালামের ছেলে আরিফ (২৮), নবীগঞ্জ বাগবাড়ি এলাকার বাশারের ছেলে রনি কাজী (২২) এবং কদমরসুল মাঠপাড়া এলাকার কাদিরের ছেলে সাকিব (২৫)।

 

এর আগে গত ৩০ জুন রাতে বন্দরের একরামপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

মামলার বাদী নজরুল ইসলাম মজুমদার জানান, তিনি ঢাকার জোয়ার সাহারা উত্তর ভাষানটেক এলাকার বাসিন্দা এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) বিবিএ বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।

 

মামলার অভিযোগে বলা হয়, কিছুদিন আগে OmeTV অ্যাপের মাধ্যমে বন্দরের আরফা তানিয়া (২২) নামে এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তানিয়া তাকে বন্দরের কদমরসুল কলেজের সামনে দেখা করতে আসতে বলেন।

 

অভিযোগ অনুযায়ী, গত ১৮ মে সেখানে পৌঁছানোর পর ৭-৮ জন যুবক তাকে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ ২০ হাজার ৮০০ টাকা এবং একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেওয়া হয়। পরে তার বিকাশ অ্যাকাউন্ট থেকেও টাকা ক্যাশ আউট করা হয়। এছাড়া তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও করা হয়েছে। পরে সন্ধ্যার দিকে নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বলেন, "গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় বিস্তারিত তথ্য জানানো হবে।"

সম্পর্কিত বিষয়: