নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জুলাই ২০২৬

বন্দরে অটোরিকশা চালক হত্যা: স্ত্রীর মামলায় দুইজনের নাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২০, ৫ জুলাই ২০২৬

বন্দরে অটোরিকশা চালক হত্যা: স্ত্রীর মামলায় দুইজনের নাম

নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশা চালক মাসুম রানা (৩৫) হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী সুমা বেগম বাদী হয়ে শনিবার (৪ জুলাই) রাতে বন্দর থানায় দুইজনের নাম উল্লেখ করে মামলাটি করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

পুলিশ জানায়, মামলাটি বন্দর থানার মামলা নং-৯(৭)২৬। এতে পেনাল কোড ১৮৬০-এর ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

নিহত মাসুম রানা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচড়া এলাকার বাসিন্দা ও বাচ্চু মিয়ার ছেলে।

 

মামলার এজাহারে সোনাচড়া এলাকার বারেক মিয়ার ছেলে মো. রাসেল (৪০) এবং ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার খোরশেদ মিয়ার ছেলে সাইফুল (৪৩)-কে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন দুপুর ১২টার দিকে কাজের উদ্দেশ্যে রামনগর এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মাসুম রানা। নিখোঁজের কয়েকদিন পর শনিবার (৪ জুলাই) দুপুরে বন্দর থানার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মামলার বাদী সুমা বেগম অভিযোগ করেন, তার স্বামী মাসুম রানার সঙ্গে আসামিদের চলাফেরা ছিল। এলাকার মাদক ব্যবসা ও চুরি-ডাকাতি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তার অভিযোগ, হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে ঢাকেশ্বরী এলাকার একটি ডোবায় ফেলে রাখা হয়। এছাড়া আসামিরা চুরি, ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও তিনি এজাহারে উল্লেখ করেছেন।

 

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বলেন, "এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

সম্পর্কিত বিষয়: