নারায়ণগঞ্জের বন্দরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বন্দর থানার আমিরাবাদস্থ দারুল হক্ব ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি ড. শহীদুল্লাহ উজানভী। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক আতাউর রহমান, বন্দর কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাওলানা নাজমুল হুদা বিন মজিদ, কবির সোহেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, মানবিক গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিক শুভকামনা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি ড. শহীদুল্লাহ উজানভী।


































