নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্টেশন থেকে মোগড়াপাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারে কার্যাদেশ পেয়েও কাজ শুরু না করায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরকে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সওজের নারায়ণগঞ্জ নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো চিঠিতে এমপি আবুল কালাম ঠিকাদারকে অনতিবিলম্বে কাজ শুরুর তাগিদ দেওয়ার কথা বলেন। অন্যথায় চুক্তি ভঙ্গের কারণে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন তিনি।
চিঠিতে উল্লেখ করা হয় , সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে নবীগঞ্জ বাসস্টেশন থেকে মোগড়াপাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত সড়ক পুনর্নির্মাণের দায়িত্ব পায় ‘মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) পর দীর্ঘ সময় গড়ালেও বিভিন্ন অজুহাতে কাজ আটকে রাখছে প্রতিষ্ঠানটি।
এমপি আবুল কালাম চিঠিতে উল্লেখ করেন, অবহেলার কারণে রাস্তাটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা না হলে পুরো সড়কটিই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শুরু করার কঠোর নির্দেশ দেওয়ার আহ্বান জানান তিনি। ব্যর্থতায় তাদের সঙ্গে চুক্তি বাতিলপূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ নিয়ে দ্রুত সড়কটির উন্নয়নকাজ শেষ করতে সওজ প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন এমপি।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই চিঠির অনুলিপি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) এবং বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।


































