নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, অতিথিদের সম্মাননা প্রদান, নৃত্য পরিবেশনা ও বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মার্চপাস্টের মাধ্যমে অতিথিদের সম্মান প্রদর্শন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে না, তাকে মানবিক ও দেশপ্রেমিক হিসেবেও গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মননের বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। শিক্ষার্থীদের যোগ্য, সুশৃঙ্খল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া বলেন, একটি শিক্ষিত ও সচেতন জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসতে হবে। ছেলে-মেয়ে উভয়ের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
সভাপতির বক্তব্যে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু শিক্ষার্থীদের পাঠদান করানো নয়, বরং তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করাও। ভবিষ্যতেও বিদ্যালয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


































