নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ জুন ২০২৬

অখিল ভূইয়ার ওপর হামলার ঘটনায় নিন্দা, শাস্তির দাবি যুবদল আহ্বায়ক সাদেকের

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩১, ৬ জুন ২০২৬

অখিল ভূইয়ার ওপর হামলার ঘটনায় নিন্দা,   শাস্তির দাবি যুবদল আহ্বায়ক সাদেকের

নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে জেলা বিএনপির নেতা অখিলউদ্দিন ভূইয়ার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।

 

শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জেলা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে কতিপয় উশৃঙ্খল ব্যক্তির বিশৃঙ্খলা সৃষ্টি এবং একজন বর্ষীয়ান, ত্যাগী ও নির্যাতিত নেতা অখিলউদ্দিন ভূইয়াকে হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় তিনি গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।

 

সাদেকুর রহমান সাদেক বলেন, এই হামলা শুধু অখিলউদ্দিন ভূইয়ার ওপর নয়, বরং জেলা বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যের ওপরও আঘাত। তিনি ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধী ও তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজনকে বহিষ্কারের খবর প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে তিনি এ বিষয়ে কিছুই জানেন না। দায় এড়াতে তড়িঘড়ি করে কয়েকজনকে বহিষ্কার করলেই এ ধরনের গুরুতর ঘটনার সমাধান হবে না। বরং প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

 

তিনি আরও দাবি করেন, যাদের বহিষ্কারের কথা বলা হচ্ছে তারা জেলা যুবদল বা থানা যুবদলের কেউ নন। তাদের তিনি যুবদলের নেতাকর্মী হিসেবে চেনেন না এবং কাউকে বহিষ্কারের বিষয়ে কোনো ধরনের মৌখিক বা লিখিত অনুমতিও দেননি।

বিবৃতিতে সাদেকুর রহমান সাদেক অভিযোগ করেন, কারও ব্যক্তিগত পেশীশক্তি প্রদর্শনের জন্য ব্যবহৃত লোকজনের অপরাধ আড়াল করতে তাদের ‘যুবদল নেতাকর্মী’ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এ ধরনের কোনো অপরাধের দায় নারায়ণগঞ্জ জেলা যুবদল নেবে না।

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপি এবং ফতুল্লা থানা বিএনপির দায়িত্বশীল নেতাদের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।