নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়েছে। উপজেলা ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের গড়হাজির পাওয়ার পর মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার দেবযানী করকে খুলনায় এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমাকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।
এর আগে, সদর উপজেলা সহকারী কমিশনার সাদিয়া আক্তারকেও অনুপস্থিত থাকার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সদরেই দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে, সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের ১৮ জনকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
নোটিশে বলা হয়েছিল, সোমবার (৩১ আগস্ট) সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভূমি অফিসে পরিদর্শনে গেলে এসব কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত পাননি। তাদের উপস্থিত পাওয়া না গেলেও ৩১ আগস্টের হাজিরা খাতায় আগেরদিন স্বাক্ষর করে গেছেন। যা গর্হিত অপরাধ এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ‘খ’ ধারার অপরাধের শামিল।
যুক্তিসংগত কারণ ব্যতীত অফিসে অনুপস্থিত থাকা কিংবা বিলম্বে উপস্থিত হওয়া সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯ এর সুস্পষ্ট লঙ্ঘণ বলেও উল্লেখ করা হয়।
নোটিশে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে এর কারণ জানতে চাওয়া হয়েছিল।


































