নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২, উদ্ধার ১৪১০ পিস ইয়াবা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১০:২৯, ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২, উদ্ধার ১৪১০ পিস ইয়াবা

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, ডাকাত, অস্ত্রধারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ৯ জন, মাদকসেবী ৪৫ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৪ জন, অস্ত্রধারী একজন, ডাকাত একজন, ছিনতাইকারী চারজন, নিয়মিত মামলার আসামি সাতজন, অন্যান্য ধারায় আটজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন রয়েছেন।

অভিযানে ১ হাজার ৪১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী তিনজন, মাদকসেবী ১০ জন ও অস্ত্রধারী একজন রয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে ছয়জনকে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি তিনজন, নিয়মিত মামলার আসামি একজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য দুজন রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত তিনজন, একজন ডাকাত, নিয়মিত মামলার একজন আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে।

বন্দর থানা পুলিশ ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী এবং অন্যান্য ধারায় আটজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে।

সোনারগাঁও থানা পুলিশ ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ২০ জন মাদকসেবী, চারজন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত চারজন এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে।

রূপগঞ্জ থানা পুলিশ ৫০ পিস ইয়াবা ও পাঁচ লিটার চোলাই মদসহ দুজন মাদক ব্যবসায়ী, ১২ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন এবং নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।