নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৫ অক্টোবর ২০২৬

মা ইলিশ সংরক্ষণে অভিযান: জব্দ ইলিশ ও পিরানহা মাছ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪২, ১৫ অক্টোবর ২০২৬

মা ইলিশ সংরক্ষণে অভিযান: জব্দ ইলিশ ও পিরানহা মাছ

নারায়ণগঞ্জে মা ইলিশ সংরক্ষণে অভিযানে ৩০ কেজি মা ইলিশ ও ১০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পিরানহা বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা মাছ দুটি পরে এতিমখানায় বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।

অভিযান চলাকালে নগরের ৩ নম্বর মাছঘাট আড়তে পিরানহা মাছ বিক্রির দায়ে সুজন হোসেন (২৬) নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর বাড়ি বন্দর উপজেলায়। এ সময় তাঁর কাছ থেকে ১০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

অন্যদিকে, ফতুল্লার পাগলা বাজারে ফেরি করে মাছ বিক্রির সময় চারজনের কাছ থেকে আনুমানিক ৩০ কেজি মা ইলিশ জব্দ করে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ দল। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

 

মা ইলিশ সংরক্ষণে চলমান এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: