নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ১২ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৯৭

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৯:৪৬, ১৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ১২ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৯৭

নারায়ণগঞ্জে জেলা পুলিশের ২৪ ঘন্টার  বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী ও বিভিন্ন মামলার আসামিসহ ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালিত গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী, ৪৫ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২০ জন, তিনজন ছিনতাইকারী, নিয়মিত মামলার ছয়জন আসামি, অন্যান্য মামলায় ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচজন সদস্য রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ পাঁচ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ছাড়া পাঁচজন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ ২০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় একজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ছাড়া চারজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ মাদকসেবী সাতজন, পরোয়ানাভুক্ত তিনজন এবং অন্যান্য ধারায় ছয়জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানা পুলিশ ১৪ জন মাদকসেবী, দুই ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত দুইজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানা পুলিশ ৬৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ছাড়া ১৪ জন মাদকসেবী, একজন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত দুইজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ পরোয়ানাভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: