সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি একটি আসনে জিতেছে জামায়াত ইসলামীর জোটসঙ্গী এনসিপির প্রার্থী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বিজয়ীদের চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।
এছাড়াও নির্বাচনে গণ অধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন পেয়েছেন ২০ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল ২০২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ ৭ হাজার ১৩৭ ভোট, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. মুনরুজ্জামান চন্দন ২৫৮ ভোট, বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন ৪৫৬ ভোট ।
প্রসঙ্গত: এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ২৯। পোস্টাল ভোটার ৩ হাজার ৫২৯। প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৩৮৪।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ হয়। এখানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।


































