নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ জুন ২০২৬

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার করা যাবে না : হাইকোর্ট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৭, ২৬ এপ্রিল ২০২৬

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার করা যাবে না : হাইকোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) হাইকোর্ট এ আদেশ দেন। এদিন আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ১০ মামলায় জামিন পেয়েছেন। আবার নতুন দুই মামলায় তাকে শ্যোন দেখানো হয়েছে। শ্যোন অ্যারেস্ট দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।
সর্বশেষ ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা আরও একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


সেলিনা হায়াৎ আইভী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন।

গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি চুনকা কুঠির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়: