নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও যানজটসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে জেলা পুলিশের সঙ্গে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে। সভায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সভায় নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, যানজট এবং বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে। নাগরিকদের মতামত, পরামর্শ ও সহযোগিতা নিয়ে নারায়ণগঞ্জের মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সভায় নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


































