নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ মার্চ ২০২৬

ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি, এক ডাকাত আটক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৭, ৩১ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি, এক ডাকাত আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি করে পালানোর সময় আঃ মান্নান মুন্সি নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে শ্রমিকরা। 

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোররাতে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা অবস্থায় এমভি সিক্স সিস্টার-২ জাহাজে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত  আঃ মান্নান মুন্সি (৩০) পটুয়াখালী জেলার বাউফল থানার ধরাবান্দা গ্রামের রশিদ মুন্সির ছেলে।

এমভি সিক্স সিস্টার-২ জাহাজে ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, ২৩ ডিসেম্বর চিটাগাং হতে কয়লা ভর্তি করে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে এমভি সিক্স সিস্টার-২ জাহাজ রওনা দেয়। জাহাজে ছিলেন চালক রবিউল, মাষ্টার মাসুদ রানা, ষ্টাফ দেলোয়ার হোসেন, বায়েজিদ, সাব্বির মোল্লা, সাজ্জাদ হোসেন, রোমান, মিলন মোল্লা ও শফিকুল ইসলাম।

৩০ ডিসেম্বর সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে জাহাজ আসলে এখানেই কয়লা আনলোড করার জন্য নোঙ্গর করা হয়। ৩১ ডিসেম্বর মঙ্গলবার ভোর রাতে ইঞ্জিন চালিত ট্রলার যোগে ৫/৬ জন অস্ত্রধারী ডাকাত জাহাজে হামলা চালায়। এসময় তারা জাহাজে অবস্থানরত সকলের কাছ থেকে নগদ টাকা মোবাইল সহ একলাখ সাত হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় কয়েকজন ষ্টাফকে কুপিয়ে জখম করে। তখন ডাক চিৎকারে আশপাশের জাহাজের শ্রমিকরা ধাওয়া করলে ডাকাত মান্নান মুন্সি আটক হয় অন্যরা পালিয়ে যায়।

ফতুল্লা বক্তাবলী নৌফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান জানান, পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে।