নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে বিকাশের এজেন্ট এক কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর–-মদনগঞ্জ সড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার এজেন্ট কর্মী রবিন জানান, চলতি পথে দুই ব্যক্তি হঠাৎ এসে তাকে ধরে ফেলে। একজন সামনে থেকে গলায় চেপে ধরে এবং অপরজন পেছন থেকে জাপটে ধরে। এ সময় সামনে থাকা ব্যক্তি পিস্তল ঠেকিয়ে দ্রুত সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। পরে তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ে আরেকজন এসে দাঁড়ালে দুজনই তাতে উঠে পালানোর চেষ্টা করে। তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকেই তার দিকে গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা নগদ ২ লাখ ৯৯ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হয়েছে।


































