নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নাইটগার্ড নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৯, ২৪ মে ২০২৬

বন্দরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নাইটগার্ড নিহত

নারায়ণগঞ্জের বন্দরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় খান হোসাইন সিবলী (৪৫) নামে এক নাইটগার্ড নিহত হয়েছেন।

নিহত সিবলী ঢাকা মহানগরের পল্লবী থানার মিরপুর-১২, ব্লক-বি, রোড নং-৬, বাসা নং-৪৯ এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার আউয়াল এন্ড ব্রাদার্স কেমিক্যাল লিমিটেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই খান হোসাইন নোমান বাদী হয়ে অজ্ঞাত গাড়িচালককে আসামি করে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেছেন। মামলার নম্বর- ৩৮(৫)২৬।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত শনিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিদিনের মতো ওইদিন রাতেও খান হোসাইন সিবলী কেওঢালার জাহাঙ্গীরের হোটেলে রাতের খাবার খেয়ে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দেড়টার দিকে তিনি মারা যান।

পরবর্তীতে শাহবাগ থানার এসআই রাশেদুল আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান।

এ ঘটনায় মামলা দায়ের হলেও রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।