নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ফতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে চাষাড়া-সাইনবোর্ড লিংক রোডের এক্সি ওষুধের ডিপোর সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার রায়হান পঞ্চগড় সদর থানার শিংপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত রায়হানের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


































