নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ জুন ২০২৬

জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ: শফিকুর রহমান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৩৯, ১৯ জুন ২০২৬

জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪ এর  জুলাইয়ের আন্দোলন ও আত্মত্যাগের কারণেই ২০২৬ সালে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে।

 

জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

 

ডা. শফিকুর রহমান বলেন, “ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ১১ দলীয় জোট বিজয়ী হতো। কিন্তু জনগণের সেই বিজয় ছিনতাই করে নেওয়া হয়েছে।”

ড. শফিকুর রহমান বলেন, নির্বাচনে প্রায় ৬৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন এবং তাদের ভোটের যথাযথ মূল্যায়ন করা উচিত। জনগণের রায়কে সম্মান জানানো গণতন্ত্রের অন্যতম শর্ত উল্লেখ করে তিনি বলেন, “যারা গণভোট মানে না, তারা গণতন্ত্র রক্ষা করতে পারে না।”

তিনি আরও বলেন, “আমরা সংসদে আলোচনা করেছি, গণভোটের চর্চা যাতে হারিয়ে না যায়। মানুষের রায়কে সম্মান করুন। মানুষের রায়কে সম্মান না করলে মানুষ আপনাদের সামনে হিমালয়ের মতো দাঁড়াবে।”

সরকারের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে অনেক ভুল করেছে। তিনি অভিযোগ করেন, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. শফিকুর রহমান বলেন, “জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে।”

 

ডা. শফিকুর রহমান বলেন, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে নিজ দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ এ একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেবে না।

 

তিনি আরও বলেন, বিগত সময়ে সংসদে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো আওয়ামী লীগ। তারা সবচেয়ে বেশি বলতো বিএনপিকে তারপর জামায়াতে ইসলামীকে। বর্তমান সরকারও বিরোধী দলকে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে কথা বলে। কিন্তু দেশের জনগণ এগুলো খায় না।

 

সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা বলেন, আপনারা তরুণ সমাজের ভাষা বুঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের পথে হাঁটবেন না।

 

জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মোঃ আবদুল জব্বারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও এমপি নুরুল ইসলাম বুলবুল,

ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ সহ শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।