নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬

আওয়ামীলীগ নেতা শিখন সরকার ও তার সহযোগীদের রাজনৈতিক পরিচয় যাচাইয়ের দাবি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৭, ৮ অক্টোবর ২০২৬

আওয়ামীলীগ নেতা শিখন সরকার ও তার সহযোগীদের রাজনৈতিক পরিচয় যাচাইয়ের দাবি

আওয়ামী লীগ নেতা শিখন সরকার শিপন ও তাঁর সহযোগীদের রাজনৈতিক পরিচয়, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক, সামাজিক ও সরকারি অনুষ্ঠানে তাঁদের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে।

আবেদনে নিজেদের নারায়ণগঞ্জের সচেতন নাগরিক ও সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী হিসেবে উল্লেখ করে আবেদনকারীরা বলেন, নারায়ণগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে শিখন সরকার শিপনের ভূমিকা, রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সম্পৃক্ততা নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

আবেদনে দাবি করা হয়, বিভিন্ন গণমাধ্যমে শিখন সরকার শিপনকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পদধারী নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক পরিসরে উপস্থিতি ও অংশগ্রহণের বিষয়েও সংবাদ প্রকাশিত হয়েছে।

আবেদনকারীদের ভাষ্য অনুযায়ী, শিখন সরকার শিপন ফতুল্লা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলার আসামি। আবেদনে মামলাটির নম্বর ১৮(১২)২০২৪ উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তাঁকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও দলটির নেতাকর্মীরা বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। পূজা উদযাপন পরিষদের ব্যানারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগও করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা আবেদনপত্রের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

আবেদনকারীরা বলেন, শিখন সরকার শিপন ও তাঁর সহযোগীদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয়, বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। বিশেষ করে শিখন সরকার শিপনের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও তিনি প্রকাশ্যে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে যাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য যাচাইয়ের দাবি জানানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন-শ্যামল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, বন্দর; তারক চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক, বন্দর পূজা উদযাপন পরিষদ; দিলীপ চন্দ্র দাস, সভাপতি, মুছাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ; রিপন শীল, সভাপতি, সোনারগাঁ পূজা উদযাপন পরিষদ; শিশির ঘোষ, সভাপতি, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদ; কৃষ্ণ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা; বিষ্ণুপদ রায়, পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর এবং গণেশ সাহা, পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা।

আবেদনকারীরা এসব ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা, অভিযোগ, আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য বা অন্য কোনো আইনগত বিষয় থাকলে সেগুলোর প্রকৃত অবস্থা ও বর্তমান আইনগত অবস্থান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের দাবি জানিয়েছেন।

আবেদনে ৬ দফা দাবি

আবেদনে শিখন সরকার শিপন ও তাঁর সহযোগীদের পূর্ববর্তী ও বর্তমান রাজনৈতিক পরিচয় এবং রাজনৈতিক কর্মকাণ্ড সরকারি নথি ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যাচাই, তাঁদের বিরুদ্ধে থাকা মামলা বা অভিযোগের বর্তমান অবস্থা পরীক্ষা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ বা প্রশাসনিক নির্দেশনা মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখা এবং কোনো আইনভঙ্গ বা অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এছাড়া তদন্তের ফলাফল ও প্রশাসনের অবস্থান সংশ্লিষ্ট আবেদনকারী পক্ষকে স্বচ্ছতার সঙ্গে অবহিত করারও অনুরোধ জানানো হয়েছে।

আবেদনকারীরা দাবি করেন, কোনো ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ বা পরিচয়ের কারণে ব্যবস্থা নেওয়া তাঁদের উদ্দেশ্য নয়। অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন সবার জন্য সমভাবে প্রয়োগ নিশ্চিত করাই তাঁদের মূল উদ্দেশ্য।

শেষে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তথ্য যাচাই ও তদন্তপূর্বক প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আবেদনে সাক্ষর করেছেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আড়াইহাজার থানার সভাপতি শ্রী সুশান্ত চন্দ্র দে, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল পোদ্দার, রূপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস।

সম্পর্কিত বিষয়: