নারায়ণগঞ্জের বন্দরে গভীর রাতে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় ঘর থেকে নগদ ২০ হাজার টাকা ও দুটি স্মার্টফোন নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে বন্দর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি কাউয়াল ও ধারালো সুইচ গিয়ার নিয়ে বাড়িতে প্রবেশ করে মো. ইকবাল হোসেন (৪০)-এর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন।
এরপর ইকবাল হোসেনকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ রয়েছে। তাকে দ্বিতীয়বার আঘাত করতে গেলে তিনি বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার কবজিতেও গুরুতর কাটা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় ইকবালের ১৬ বছর বয়সী ছেলে মো. খোকা বাধা দিতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে এগিয়ে আসা এক স্বজনকেও মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত ইকবাল হোসেনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযোগকারীর দাবি, হামলাকারীরা যাওয়ার সময় ঘর থেকে নগদ ২০ হাজার টাকা ও দুটি স্মার্টফোন নিয়ে যায়।
এ ঘটনায় পরিবারের সদস্যরা নিজেদের জানমাল নিয়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


































