নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানাধীন হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর ধুমাইটারী এলাকার মোখলেসুর মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় জনৈক ফয়সালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মিজানুর রহমানের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


































