নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের নেতৃত্বে এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়ির একটি কক্ষ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই কক্ষের ভাড়াটিয়া মিলি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মিলি আক্তার ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রামের সেলিম হোসেনের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার পিলকুনী কলাবাগান এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার তার বসতঘরে অবৈধভাবে গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেছেন। উদ্ধার করা গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































