নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ জুন ২০২৬

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৭ দফা দাবিতে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৩, ১১ মে ২০২৬

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৭ দফা দাবিতে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় ৭ দফা দাবিতে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা।

 

সোমবার দুপুর ১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

সমাবেশে সাদিয়া সুলতানা জুঁথীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক। সভাপতিত্ব করেন জেলা সভাপতি জয় হাসান। এসময় সংগঠনের জেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

 

বক্তব্যে সাদেকুল ইসলাম সাদিক বলেন, রাষ্ট্রের দায়িত্ব জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বর্তমানে শিক্ষা বাণিজ্যিকীকরণ, সাংস্কৃতিক সংকট, স্বাস্থ্যখাতের অব্যবস্থা ও পরিবেশ দূষণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তিনি বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উত্থাপিত ৭ দফা দাবি শুধু শিক্ষার্থীদের নয়, বরং সমগ্র জনমানুষের দাবি। এসব দাবি বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

সভাপতির বক্তব্যে জয় হাসান বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে ধারাবাহিক গণআন্দোলনের মাধ্যমেই পরিবর্তনের পথ তৈরি সম্ভব। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার এই দাবিগুলো সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

 

সংগঠনের ৭ দফা দাবির মধ্যে রয়েছে— মানসম্মত শিক্ষক নিয়োগ ও শিক্ষার মানোন্নয়ন, কোচিং-গাইড বইয়ের ব্যবসা বন্ধ, শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ, শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি কমানো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে সেশনজট নিরসন, নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ছাত্র সংসদ নির্বাচন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক-জুয়া-সন্ত্রাস বন্ধ, খেলার মাঠ নির্মাণ, সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, হামে আক্রান্ত শিশু মৃত্যুরোধে কার্যকর পদক্ষেপ, শীতলক্ষ্যা নদী দূষণমুক্তকরণ এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধি প্রত্যাহারসহ শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন হাফপাস চালুর দাবি।

 

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এসময় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: