নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ দুই ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ দুই ডাকাত গ্রেফতার

ফতুল্লায় নগদ টাকা ও ডাকাতির মালামালসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো বরগুনা জেলার আমতলী থানার আবদা সড়কের মৃত ইউসুফ হাওলাদারের পুত্র মোঃ অলিউল্লাহ হাওলাদার (৩০) এবং একই থানার আমতলী পৌরসভার আনোয়ারের পুত্র মোঃ জাকারিয়া (২৮)।

শনিবার (ভোর) রাত আনুমানিক চারটার দিকে ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকায় মোঃ আব্দুল বাতেনের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ আট লাখ টাকা, স্বর্ণালংকার, একটি সুইচ গিয়ার, একটি স্টিলের চাপাতি, একটি ধারালো ছোট ছুরি, একটি গ্যাস লাইটার হিটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জিব জোয়ার্দার ও সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য অলিউল্লাহ ও জাকারিয়াকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের আরও সাত সদস্য পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “গ্রেফতারকৃতরা আন্তঃজেলা সক্রিয় ডাকাত দলের সদস্য।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”