নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬

ফতুল্লায় বসতবাড়িতে হামলা, লুটপাট, মারধর

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৫৪, ১২ মার্চ ২০২৬

ফতুল্লায় বসতবাড়িতে হামলা, লুটপাট, মারধর

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মুসলিমনগর এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে একটি পরিবারকে মারধর, মালামাল লুট এবং বসতঘর থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মুসলিম নগর নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন।

 

এ বিষয়ে থানা লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শ্রীধরদি মৌজায় পৈত্রিক জমিতে বসবাসকারী একটি পরিবারের ওপর আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে এই হামলা চালানো হয়। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা রওশন মেম্বার, আক্তার হোসেন, মহিউদ্দিন ও মোশাররফ হোসেনের নেতৃত্বে ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড ও হকিষ্টিক নিয়ে বাড়িতে প্রবেশ করে।

 

হামলার শিকার রুবিনা ইসলাম জানান, সন্ত্রাসীরা ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘর ছেড়ে চলে যেতে বলে। এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা রুবিনা ইসলাম, তার দুই ননদ হ্যাপি ও রিমাকে এলোপাথারি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় ৫ বছরের এক শিশু সন্তানকে মাটিতে আছাড় দেওয়া হয় এবং ১৪ বছরের এক কিশোরীকে লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ভুক্তভোগীদের ঘাড়ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে মেইন গেট ও সামনের দোকানে তালা লাগিয়ে দেয়।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতিসাধন করে। একইসাথে, আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ৩টি দামী মোবাইল ফোন এবং প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় সন্ত্রাসীরা। বর্তমানে আহতরা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ভুক্তভোগী পরিবারটি জানায়, এই জমির মালিকানা নিয়ে তারা দীর্ঘদিন আইনি লড়াই করে আদালত থেকে চূড়ান্ত রায় (ডিক্রি) পেয়েছেন। এমনকি এসিল্যান্ড অফিস থেকেও প্রতিপক্ষের ভুয়া নামজারি বাতিল করা হয়েছে। আইনি লড়াইয়ে পরাজিত হয়ে প্রতিপক্ষ এখন সন্ত্রাসী বাহিনী ভাড়া করে তাদের পৈত্রিক ভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে।

 

এ ঘটনায় রুবিনা ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের নিজ ঘরে ফেরার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।