নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩১, ২০ জুন ২০২৬

বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় হাসান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুর ৩টার দিকে বন্দর থানার রূপালী ভূমি অফিস সংলগ্ন শীতলক্ষ্যা নদীর উত্তর ঘাট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসান বন্দর থানার রূপালী ১ নম্বর গলি এলাকার বাসিন্দা শহীদুল্লাহ মিয়ার ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকার নুরজাফর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টা থেকে পৌনে ৩টার মধ্যে কোনো এক সময় শিশুটি নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে নদীতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সদর নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শিশুটির বাবা শহীদুল্লাহ ও মা আমেনা বেগম। তারা মরদেহটি তাদের ছেলে হাসানের বলে শনাক্ত করেন।

সদর নৌ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।